পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে রোববার রাতে দেশটির প্রেসিডেন্টের ছেলের একটি গাড়ি বহরকে লক্ষ্য করে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে।
সোমবার স্থানীয় পুলিশ কর্মকর্তা গোলাম মুস্তফা শাহ্ বলেন, ‘রোববার রাতে প্রেসিডেন্ট মামনুন হুসেইনের ছেলের গাড়ি বহর করাচি সীমান্তবর্তী হাব ইন্ডাস্ট্রিয়াল জোন দিয়ে যাওয়ার সময় রিমোটের সাহায্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিস্ফোরক বহনকারী একটি মোটর সাইকেলের বিস্ফোরণ ঘটানো হয়।’
তিনি বলেন, বিস্ফোরণের সময় প্রেসিডেন্টের ছেলের গাড়িটি ঘটনাস্থল অতিক্রম করে ফেলায় তিনি অক্ষত রয়েছেন। বিস্ফোরকটি একটি রিক্সা ও বহরের শেষ গাড়িটিকে আঘাত করে।
মুস্তফা বলেন, ‘বিস্ফোরণে রিক্সার চালক, রিক্সা আরোহী ১২ বছর বয়সী এক কিশোর ও এক পথচারী নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর চার পুলিশ সামান্য আহত হয়েছেন।’
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জাহিদ উল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রেসিডেন্টের ছেলে ওই এলাকার একটি দুগ্ধ খামারের মালিক। তিনি প্রায়ই সেখানে যান।
তিনি বলেন, ‘প্রেসিডেন্টের ছেলেকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)’র মুখপাত্র মিরাক বেলুচ টেলিফোনে এএফপির কাছে এই হামলার দায়িত্ব স্বীকার করেছেন।
জেডআই





