উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকার সঙ্গে সামরিক মহড়া বাতিল না করলে দুই দেশের বিচ্ছিন্ন পরিবারগুলোর জন্য পুনর্মিলন পরিকল্পনা পুনর্বিবেচনা করা হবে।
এক বিবৃতিতে উত্তর কোরিয়া বলেছে, দুই দেশের বিচ্ছিন্ন পরিবারগুলোর মধ্যে পুনর্মিলনের বিষয়ে যখন সমঝোতা হয়েছে, ঠিক তখনি আমেরিকার সঙ্গে আগ্রাসনমূলক যুদ্ধ মহড়া চালানোর দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। দুই কোরিয়া কয়েক যুগ ধরে বিচ্ছিন্ন থাকা পরিবারগুলোর জন্য পুনর্মিলনের তারিখ ঠিক করার একদিন পরই এ হুঁশিয়ারি এলো।
১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরীয় উপদ্বীপে চলা যুদ্ধে ওই সব পরিবার পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুই কোরিয়ার মধ্যে সমঝোতার আওতায় এসব পরিবারের সদস্য প্রতিবছর নির্দিষ্ট সময়ে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাত করে থাকে। কিন্তু, গত বছরও দক্ষিণ কেরিয়ার সঙ্গে আমেরিকার সামরিক মহড়ার কারণে ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়া ওই পুনর্মিলনী বন্ধ করে দেয়।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এবারের পুনর্মিলনী শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু উত্তর কোরিয়ার নতুন এই হুঁশিয়ারির ফলে এবারের পুনর্মিলনীও স্থগিত হয়ে যেতে পারে।
২০১০ সালে সর্বশেষ দুই দেশের বিচ্ছিন্ন পরিবারগুলোর মধ্যে পুনর্মিলন হয়েছিল।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]