ইউরোপের বিভিন্ন দেশের অন্তত ৩,০০০ ব্যক্তি ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়তে যোগ দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসবিরোধী সংস্থার প্রধান বিবিসিকে শুক্রবার একথা জানিয়েছেন।
সংস্থাটির প্রধান গিলেস ডি কের্ছোব সতর্ক করে দিয়ে বলেছেন, আইএস-এর বিরুদ্ধে পশ্চিমা বিমান হামলার কারণে হুমকির মুখে পড়তে পারে ইউরোপ। বিমান হামলার প্রতিশোধ নিতে ইউরোপের বিভিন্ন দেশে হামলা চালাতে পারে আইএস-এর ইউরোপীয় সদস্যরা।
উল্লেখ্য, গত মাস থেকে ইরাকে আইএস-এর অব্স্থান লক্ষ্য করে দুই শতাধিক বিমান হামলা চালানো হয়। আর গত সোমবার থেকে সিরিয়াতেও আইএস-এর অবস্থানে হামলা শুরু করে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা ও আরব দেশগুলোর জোট।
এদিকে, ইরাকে আইএস-এর অবস্থানে হামলা চালানোর ব্যপারে অনুমোদন নেওয়ার জন্য আজ শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটি করবে ব্রিটেন।
ইউরোপের সন্ত্রাসবিরোধী সংস্থার প্রধান কের্ছোব জানান, ইউরোপ থেকে তিন হাজারেরও অধিক ব্যক্তি আইএস-এ যোগ দিয়েছে। ইরাক ও সিরিয়া থেকে দেশে ফেরত আসা এবং সেখানে নিহত হওয়া যোদ্ধাদেরকেসহ এই সংখ্যা হিসাব করা হয়েছে বলেও জানান তিনি।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের গোয়েন্দা প্রতিবেদনে জানিয়েছে, আইএস-এর মোট যোদ্ধার সংখ্যা ৩১ হাজারেরও বেশি। গত জুনে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা নিয়ে খিলাফত ঘোষণা করে ইসলামিক স্টেট বা আইএস। এই খিলাফত রাষ্ট্রের খলিফা হন আবু বকর আল বাগদাদী। সূত্র: বিবিসি
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





