পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে গতকাল সোমবার তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার বার্তা সংস্থা আইএএনএস এই তথ্য জানায়।
খবরে বলা হয়, গত শনিবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলা হয়। এতে আফগান তালেবান নেতা মোল্লা আখতার মানসুর নিহত হন। ওই হামলার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তাদের দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেলকে তলব করা হয়েছে। শনিবার পাকিস্তানের ভূখণ্ডে মার্কিন ড্রোন হামলার বিষয়ে তাঁর কাছে প্রতিবাদ ও উদ্বেগ জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মার্কিন রাষ্ট্রদূতকে বলা হয়েছে, ওই ড্রোন হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন। এটি আন্তর্জাতিক বিধিবিধানেরও লঙ্ঘন। পাকিস্তানের ভূখণ্ডে ড্রোন হামলার মতো পদক্ষেপের নেতিবাচক প্রভাবের বিষয়টিও রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, আফগান তালেবান নেতা মোল্লা মানসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের একটি প্রত্যন্ত এলাকায় ওই হামলা চালানো হয়। হামলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন ছিল।
এমআর





