ইয়েমেনে হামলা চালাতে গিয়ে মরক্কোর একটি এফ-১৬ জঙ্গি বিমান নিখোঁজ হয়েছে বলে মরক্কোর সেনাবাহিনী জানিয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বিমানটি নিখোঁজ রয়েছে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের বিমান আগ্রাসনে মরক্কোর কয়েকটি জঙ্গি বিমান অংশ নিয়েছে। জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করে গত ২৬ মার্চ থেকে এ আগ্রাসন শুরু করেছে সৌদি আরব।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে প্রতিহত করা এবং দেশটির ক্ষমতাচ্যুত ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে এ বর্বরোচিত বিমান হামলা করছে সৌদি আরব। মানসুর হাদি বর্তমানে পলাতক অবস্থায় সৌদি রাজার আশ্রয়ে রয়েছেন।

চার বছর আগে তৎকালীন সৌদি রাজা আব্দুল্লাহ আশ্রয় দিয়েছিলেন তিউনিসিয়ার গণবিপ্লবে ক্ষমতাচ্যুত শাসক বেন আলীকে। সাবেক স্বৈরশাসক বেন আলী বর্তমানে সৌদি রাজার আতিথ্যে সস্ত্রীক সুখে জীবনযাপন করছেন। রেডিও তেহরান

ইআর