লাদাখ সীমান্তে চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশের পর চীন সীমান্তে কড়াকড়ি করেছে ভারত। চীন আতঙ্কে এর আগে সুখই-৩০ এমকেআই যুদ্ধবিমান মোতায়েন করে দেশটি। এবার, উত্তর-পূর্ব ভারতের সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে 'আকাশ' নামক মিসাইল সমৃদ্ধ বিমানবাহিনীর একটি ইউনিট। শুক্রবার এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এই 'আকাশ' মিসাইল ২৫ কিলোমিটারের মধ্যে যেকোন ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি একইসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরক্ষিত চীন সীমান্তে এই মিসাইল মোতায়েন করা হয়। চীনা যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন আক্রমণ প্রতিহত করতেই এগুলো মোতায়েন করা হয়েছে।
বিমান বাহিনীর প্রথম দুটি আকাশ মিসাইল ইউনিট মোতায়েন করা হয়েছে গোয়ালিয়র ও পুনের সুখই-তে।

গত সপ্তাহে ভারতের কাশ্মীরের লাদাখ সীমান্তে অনুপ্রবেশ করে চীনা সেনাবাহিনী। ভারতের বিভিন্ন গণমাধ্যমের দেয়া তথ্যমতে, লাদাখ থেকে ২৫/৩০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়ে চীনের সেনাবাহিনী। তারা সেখানে অন্তত ২৪ ঘণ্টা অবস্থানও করে। কিন্তু ২৪ ঘণ্টা অবস্থান করলেও ভারতীয় সেনা ও বিমান বাহিনী কোনও ব্যবস্থা নিতে পারেনি। উল্লেখ্য, চীনের সঙ্গে রয়েছে ভারতের ৪,০৫৭ কিলোমিটার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ