মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আইএসআইএল’এর বিরুদ্ধে বোমা হামলার পরিসর বাড়ানোর প্রস্তুতি নিয়েছে আমেরিকা। সিরিয়াতেও বিমান হামলা চালানো হবে।

হোয়াইট হাউজ থেকে দেয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন ওবামা। তিনি বলেন, সিরিয়া ও ইরাকের আইএসআইএল’এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোটেও ইতস্তত করবে না আমেরিকা। তিনি আরো বলেন, আইএসআইএল’এর হুমকি মোকাবেলায় বড় পরিসরের একটি জোটের নেতৃত্ব দিবে আমেরিকা।

এ ভাষণে আইএসআইএল'র বিরুদ্ধে ওয়াশিংটনের কৌশলগত অবস্থানও তুলে ধরেন ওবামা। তিনি বলেন, এ ক্ষেত্রে আমেরিকার পদক্ষেপ খুবই পরিষ্কার এবং সন্ত্রাস বিরোধী কৌশলের মধ্য দিয়ে শেষ পর্যন্ত আইএসআইএল’কে সমূলে বিনাশ করা হবে। আমেরিকাকে হুমকি দিয়ে কেউ নিরাপদে থাকতে পারবে না বলে ঘোষণা করেন তিনি।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ করা হবে বলেও ঘোষণা করেন ওবামা। এ ছাড়া ইরাকে আরো ৪৭৫ সেনা ইরাকে প্রেরণের ঘোষণা দিয়েছেন ওবামা। অবশ্য মার্কিন এ সব সেনা সরাসরি যুদ্ধে অংশ নিবে না। সূত্র: আইআরআইবি

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ