গাজায় একের পর এক শিশুর প্রাণ ঝরছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। শিশুদের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠছে, ঠিক তখন মধ্যপ্রাচ্যবিষয়ক শান্তির দূত টনি ব্লেয়ার তাঁর স্ত্রী শেরি ব্লেয়ারের ৬০তম জন্মদিনে এক জমকালো পার্টির আয়োজন করেন। গত শুক্রবার রাতে যুক্তরাজ্যের বাকিংহ্যামশায়ারে টনি ব্লেয়ার স্ত্রীর এ জন্মদিনের জন্য ব্লেয়ার ব্যয় করেছেন ৫০ হাজার ইউরো। গোলাপি রঙের বিশাল একটি কেক কাটা হয় তাঁর জন্মদিনে। ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানাযায়।

জন্মদিন উপলক্ষে টনি ব্লেয়ার ১৫০ জনকে আমন্ত্রণ জানিয়েছেন। এ তালিকা থেকে বাদ যায়নি সাবেক মন্ত্রী, টিভি তারকা আর ব্যবসায়ীরাও।

গাজায় হত্যাযজ্ঞ চলার সময় স্ত্রীর জন্মদিনে আয়োজিত ব্লেয়ারের পার্টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। একজন সমালোচক বলেন, ‘ব্লেয়ারের মধ্যপ্রাচ্যে থাকা উচিত। ব্রিটেনে নয়।’ এসব সমালোচনায় মোটেও কান দেননি ব্লেয়ার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অতিথি বলেন, ‘তাঁর মধ্যপ্রাচ্যে থাকা উচিত।’

তবে এসব সমালোচনার ব্যাপারে ব্লেয়ারের মুখপাত্র বলেন, টনি গাজার সহিংসতার ব্যাপারে অবগত আছেন। এর আগে তিনি মধ্যপ্রাচ্যে ১০ দিনের সফর করেছেন।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত শান্তিবিষয়ক দূত টনি ব্লেয়ার স্ত্রীর জন্মদিন নিয়ে ব্যস্ত থাকলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন জেরুজালেমে গিয়েছেন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতির জন্য চাপ দিচ্ছেন কেরি ও মুন।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ