[b]পেশোয়ার:[/b] পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে তালেবানদের বেশ কয়েকটি আস্তানায় বোমাবর্ষণ করেছে দেশটির বিমান বাহিনী। উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় চালানো এসব হামলায় অন্তত ২৪ জন নিহত ও অপর ১৫ জন আহত হয়েছে।
গত এক সপ্তাহে সেনাবাহিনীসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে তালেবান হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে। এসব হামলার জের ধরে তালেবানবিরোধী অভিযান জোরদার করার জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর চাপ বেড়ে যাওয়ার পর এ হামলা চালানো হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাকিস্তানি সেনা কর্মকর্তা বলেছেন,নিরাপত্তা বাহিনীর ওপর হামলাকারী তালেবানদের আস্তানায় হামলা চালিয়েছে পাকিস্তানি বিমান বাহিনীর জঙ্গীবিমান। মির আলী এলাকার উপজাতীয় নেতা মালিক জান মোহাম্মাদ জানিয়েছেন,এ হামলায় ১৫ জন নিহত হয়েছে। তবে তালেবানের একটি সূত্র নিহতের সংখ্যা অন্তত ২৭ জন বলে উল্লেখ করেছে যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে।
তবে পাকিস্তানের সামরিক সূত্র বলেছে,তারা শুধুমাত্র তালেবানদের অবস্থানে বোমাবর্ষণ করেছে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন,সোমবার গভীর রাতে কোনো ধরনের সতর্কতা ঘোষণা ছাড়াই হঠাৎ করে বিমান হামলা শুরু হয়।
মির আলী এলাকার এসোরি গ্রামের অধিবাসী খিয়াল জামান জানিয়েছেন,“কয়েকটি বিমান যখন বোমাবর্ষণ শুরু করে তখন আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। আমরা বুঝতে পারছিলাম না কি করবো। যারা বেঁচে ছিলাম তারা ঘরের মধ্যে মারা যাওয়ার আশঙ্কায় ছেলেমেয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসি।” পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলার ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সূত্র: আইআরআইবি
টাইম নিউজ/এসএমএ