ইয়েমেন যুদ্ধে এক মাসে অন্তত ১১৫ শিশু নিহত হয়েছে বলে এক পরিসংখ্যানে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, মাসব্যাপী বিমান হামলা ও সংঘর্ষে অন্তত ১৭২ শিশু বিকলাঙ্গ হয়েছে।

ইউনিসেফের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

ইউনিসেফের এক মুখপাত্র শুক্রবার জেনেভায় বলেছেন, ১১৫ শিশুর মধ্যে প্রায় অর্ধেক নিহত হয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায়। অন্যরা বন্দুকের গুলিতে কিংবা গোলা হামলায় প্রাণ হারিয়েছে।

‘বিমান অভিযান শেষ’ বলে ঘোষণা দেওয়ার পরও ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে সৌদি জোট।

ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির বিরুদ্ধে এ হামলার শুরু ২৫ মার্চ ২০১৫ থেকে। প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদির পক্ষে সৌদি আরবের নেতৃত্বে গল্ফভুক্ত দেশগুলো এ হামলা চালাচ্ছে।

জাতিসংঘ শুক্রবার জানিয়েছে, এক মাসে ইয়েমেন সংঘর্ষে অন্তত ৫৫১ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে রাজধানী সানা দখলে নেয় হুথি বিদ্রোহীরা। এরপর থেকে সংঘাত-সংঘর্ষের হার বাড়তে থাকে ইয়েমেনে।

জাতিসংঘ বলছে, ইয়েমেন সংঘর্ষে দেড় কোটিরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে।

কেএইচ