উত্তর কোরিয়ায় আটক তিন মার্কিনির একজন ম্যাথিউ মিলার আগামী সপ্তাহে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।
রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।
সংক্ষিপ্ত ওই বিবৃতিতে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর বিচারের মুখোমুখি করা হবে মিলারকে।
২৬ বছর বয়সী মিলার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি এ বছর এপ্রিলে উত্তর কোরিয়ায় আটক হন।
আটকের সময় কেসিএনএ বলেছিল, উত্তর কোরিয়ায় আসার পর মিলার তার পাসপোর্ট ছিঁড়ে ফেলেছিলেন।
আটক আরেক মার্কিন নাগরিক জেফরি ফোলের বিষয়ে (৫৬) কিছুই বলা হয়নি নতুন এই বিবৃতিতে। একটি টয়লেটে বাইবেল ফেলে আসার অপরাধে মে মাসে ফোলেকে আটক করা হয়।
আটক হওয়া তৃতীয় মার্কিনির নাম কেনেথ বে। ২০১২ সালের ডিসেম্বরে আটক হন এই ধর্মপ্রচারক।
তার বিরুদ্ধে অভিযোগ, উত্তর কোরিয়ার বিরুদ্ধে তিনি বিপ্লব সংঘটিত করতে চেয়েছিলেন। বর্তমানে ১৫ বছরের জেল খাটছেন বে। সূত্র: রয়টার্স
ঢাকা, ৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর





