পিত সাগরের বিতর্কিত সীমান্ত এলাকায় দক্ষিণ কোরিয়ার খুব কাছ ঘেষে গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার স্থানীয় সময় সকালে এ গোলাবর্ষণ করা হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত জানুয়ারিতে চতুর্থবারের মতো পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এছাড়া ৭ ফেব্রুয়ারি মহাকাশে কৃত্তিম উপগ্রহ পাঠায় দেশটি। এরপরই নতুন করে দুই কোরিয়ার সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। এসব ঘটনার পরিপ্রেক্ষেতে আগামী মার্চে মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে পিত সাগরে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার উত্তর কোরিয়া উপকূলের বায়েংনিয়ং দ্বীপ থেকে গোলাবর্ষণ করা হয়েছে। উত্তর কোরিয়ার সামরিক মহড়ার অংশ হিসেবে এ গোলাবর্ষণ করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের কার্যালয়ে থেকে পরে জানানো হয়, উত্তর কোরিয়ার গোলন্দাজ বাহিনী বেশ কয়েক রাউন্ড গোলাবর্ষণ করেছে। তবে এরপর উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কোনো অস্বাভাবিক গতিবিধি নজরে আসেনি।
এসএম





