পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলে শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩২ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। তালেবান যোদ্ধারা একটি স্কুলে হামলা চালিয়ে ১৪৮ জন হত্যা করার কয়েকদিন পর এ অভিযান চালানো হল। পাকিস্তান সেনাবাহিনী একথা জানিয়েছে। খবর ডনের।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা খাইবারের তিরাহ্ এলাকায় অতর্কিত হামলা চালিয়ে জঙ্গিদের হত্যা করে। ওই অঞ্চলে তালেবানসহ অন্যান্য গ্রুপগুলোর যোদ্ধারা আশ্রয় নিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘তালবানসহ অন্য যোদ্ধারা তিরাহ্ থেকে পাক-আফগান সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উরমাগাই ও স্পুর্তোক এলাকায় তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ে ৩২ যোদ্ধা নিহত হয়।’
বিবৃতিতে আরো বলা হয়, এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী পেশোয়ারে স্কুলে তালেবানের হত্যাযজ্ঞের পর সরকার ও সামরিক বাহিনী পুনরায় তালেবানদের পরাজিত করার সংকল্প ব্যক্ত করে।
পাকিস্তানী তালেবান বন্দুকধারীরা মঙ্গলবার পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হামলা চালিয়ে ১৩২ শিশুসহ ১৪৮ জনকে নির্মমভাবে হত্যা করে। এটা দেশটিতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা।
তালেবানরা জানায়, উত্তর ওয়াজিরিস্তানে চলমান সামরিক অভিযানের প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ সেনাবাহিনী তালেবান যোদ্ধাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও হত্যা করে।
এমএ





