ইউক্রেনের নয়া প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনুক শনিবার বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর রুশ পদক্ষেপ তারা মেনে নেবেন না। রাশিয়া অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে বলে তিনি দাবি করেছেন।
ইউক্রেনের প্রধানমন্ত্রী আরো বলেছেন, “রাজনৈতিক চাপ মেনে নেয়া হবে না। আমরা গ্যাসের দাম পাঁচশ’ ডলার করার সিদ্ধান্ত মেনে নেব না।” তিনি বলেন,“রাশিয়া সামরিক আগ্রাসনের মাধ্যমে ইউক্রেন দখলে অপারগ। এ কারণে এখন অর্থনৈতিক আগ্রাসনের মাধ্যমে ইউক্রেন দখলের পরিকল্পনা বাস্তবায়ন করছে।”
এদিকে, গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুতে রাশিয়াকে আদালতের সম্মুখীন করার হুমকি দিয়েছেন ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ইউরি প্রোদান। তিনি বলেছেন, মস্কো গ্যাসের দাম কমানোর বিষয়ে আলোচনা করতে রাজি না হলে আদালতের আশ্রয় নেয়া হবে। রুশ গ্যাস কোম্পানি গ্যাযপ্রোমের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী স্টকহোমের সালিসি আদালতে যাওয়ার অধিকার ইউক্রেনের রয়েছে বলে তিনি জানান। সম্প্রতি রাশিয়া ঘোষণা করেছে, ইউক্রেনগামী প্রতি এক হাজার ঘন মিটার গ্যাসের দাম হবে ৪৮৫ ডলার,যা এর আগে ছিল ২৬৮ ডলার।  
২০১০ সালের ৩০ এপ্রিল রুশ সরকার এক ডিক্রি জারি করে ইউক্রেনকে গ্যাসে যে ভর্তুকি দেয়া শুরু করেছিল তা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে রুশ সরকার। ইউক্রেনের তৎকালীন স্বশাসিত প্রজাতন্ত্র ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে রাশিয়ার ‘কৃষ্ণ সাগর নৌবহর’ অবস্থিত। নৌবহরটি সে সময় ইউক্রেনের ভূমি ব্যবহার করত বলে কিয়েভকে গ্যাসে ভর্তুকি দেয়ার ডিক্রি জারি করেছিল রাশিয়া। কিন্তু এখন সেভাস্তোপোল বন্দরসহ গোটা ক্রিমিয়া রাশিয়ায় যোগ দেয়ার ফলে এর জন্য ইউক্রেনকে আর কোনো ছাড় দেয়ার প্রয়োজন মনে করছে না মস্কো।
গতমাসে ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে প্রজাতন্ত্রটি রুশ ফেডারেশনে যোগ দেয়।
[b]ঢাকা, ০৫ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]