কিছুদিনের রাজনৈতিক সংকটের পর অবশেষে তামিলনাড়ু রাজ্য পেল নতুন মুখ্যমন্ত্রী। দক্ষিণ ভারতের এই রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিয়েছেন এদাপ্পাদি কে পালানিসওয়ামি। রাজ্যর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার স্থানে দায়িত্ব পালন করবেন তিনি।
গত বছরের ডিসেম্বরে তামিলনাড়ুর জনপ্রিয় মুখ্যমন্ত্রী জে জয়ললিতা মারা যাওয়ার পর অস্থায়ী মুখ্যমন্ত্রী পনিরসেলভাম দায়িত্ব পালন করে আসছিলেন। এরপরই দলের হাল ধরেন জয়ললিতার দীর্ঘদিনের সঙ্গী শশীকলা। দলের সাধারণ সম্পাদক হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পথে এগিয়ে ছিলেন শশীকলা। হিসাববহির্ভূত সম্পত্তি রাখার মামলায় সুপ্রিম কোর্টের রায়েও দোষী সাব্যস্ত হন শশীকলা। সুপ্রিম কোর্ট বাড়তি সময় না দেওয়ায় গতকাল বুধবার চেন্নাই ছেড়ে বেঙ্গালুরু গিয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তাঁর সঙ্গে আত্মসমর্পণ করেন আত্মীয় সুধাকরণ ও ইলাবরসি। ডাক্তারি পরীক্ষা শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
এর আগে শশীকলা তাঁর পরিবর্তে পালানিসওয়ামিকে দল থেকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন। আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যসভায় তাঁর সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ করতে হবে পালানিসওয়ামিকে।
পালানিসওয়ামি জয়ললিতার দলে যোগ দেন ১৯৮৩ সালে। দলের দ্বন্দ্বের সময় ১৯৮৯ সালে তিনি ছিলেন জয়ললিতার পক্ষে। ওই বছরই তিনি রাজ্যসভার সদস্য হন।
জারিফ





