ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লাভিয়ানস্ক শহরে পুলিশের একটি ভবন দখল করে নিয়েছে অজ্ঞাত একদল বন্দুকধারী।কর্তৃপক্ষ বলছে, ২০ জনের মতো ব্যক্তি টিয়ার গ্যাস ব্যবহার করে ভবনটির ভেতরে ঢুকে পড়েছে। দনিয়েৎস্ক শহরের রুশপন্থী বিক্ষোভকারীরা, যারা ওই শহরের সরকারি কিছু ভবন দখল করে রেখেছে, তাদের মুখপাত্র এই অভিযানকে সমর্থন জানিয়েছেন।
ইউক্রেনের অন্তর্বর্তী স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে বিভিন্ন শহর জুড়ে গত কয়েক সপ্তাহ ধরে যা ঘটছে, বলা যেতে পারে স্লাভিয়ানস্কে অনেকটা যেন তারই পুনরাবৃত্তি ঘটলো।
অন্যান্য শহরে রুশপন্থীরা যেভাবে বিভিন্ন সরকারি দফতর দখল করে নেয়, অনেকটা সেই কায়দায় একদল লোক এসে হামলা চালায় স্থানীয় পুলিশ স্টেশনে। তারা ফাঁকা গুলি এবং স্টান গ্রেনেড ছোঁড়ে। এরপর দখল করে নেয় পুলিশ স্টেশনটি। আঞ্চলিক পুলিশের একজন মুখপাত্র ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “হামলাকারিরা এসেছিল দুটি বাসে চেপে, বলছেন পুলিশের এই মুখপাত্র। প্রথমে ছয়-সাতজন লোক বাস থেকে নেমে আকাশে গুলি চালায়। পুলিশ বাহিনী তাদের হামলা ঠেকানোর চেষ্টা করে। কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি। সৈনিকদের ক্যামোফ্লেজ ইউনিফর্ম পরা এই লোকগুলো এখন পুলিশ স্টেশনের ভেতরে রয়েছে। তারা এটি দখল করে নিয়েছে।”
পুলিশের এই মুখপাত্র জানাচ্ছেন, হামলাকারিরা টিয়ারগ্যাসও ব্যবহার করে। তারা ভেতর থেকে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য ছাড়া আর সবাইকে বাড়ীতে পাঠিয়ে দিয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রী আর্সেন আভাকভ এই হামলাকারীদের সন্ত্রাসবাদী বলে বর্ণনা করেছেন এবং শক্ত ব্যবস্থা নেয়া হবে বলে হুশিঁয়ারি দিয়েছেন।
তিনি এর আগে অন্যান্য শহরে সরকারি ভবন দখল করে রাখা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখল ছাড়ার জন্য ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন। সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই [/b]