রাশিয়া চলতি শীত মৌসুমে পুনরায় ইউক্রেনে গ্যাস সরবরাহ শুরু করতে সম্মত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর মধ্যস্থতায় এ বিষয়ে আলোচনায় ঐকমত্য হয়েছে। আলোচনায় ইউক্রেনের মধ্য দিয়ে ইইউভুক্ত দেশগুলোতে গ্যাস সরবরাহের বিষয়টিও নিশ্চিত হয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোস ম্যানুয়েল বারোসো বৃহস্পতিবার বলেন, ‘এখন ইউরোপের জনগণকে এই শীত মৌসুমে ঠান্ডায় কষ্ট পাওয়ার কোন কারণ নেই।’
ইইউ’র জ্বালানী বিষয়ক প্রধান গুয়েন্থার ওয়েটিঙ্গার বলেন, তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে ইউক্রেন তার প্রয়োজনীয় গ্যাসের মূল্য পরিশোধ করতে পারবে।
তিনি আরো বলেন, এই চুক্তিটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা প্রশমনে ‘প্রথম আশার আলো’ হতে পারে।
তিনি বলেন, ‘আমরা এখন ইউরোপের নাগরিকদের শীতকালে গ্যাসের সরবরাহের বিষয়ে নিশ্চিত করতে পারি।’
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ‘এটা ইউরোপের দেশগুলোর জ্বালানী নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
ইইউ কর্মকর্তা এবং রাশিয়া ও ইউক্রেনের মন্ত্রীদের মধ্যে কয়েক মাসব্যাপী আলোচনার পর এই চুক্তি হয়। খবর এএফপি’র।
ওয়েটিঙ্গার জানান, রাশিয়াকে গ্যাসের মূল্য পরিশোধে ইউক্রেন ইইউ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাহায্য নেবে।
মোট প্যাকেজটির মূল্য ৪.৬ বিলিয়ন মার্কিন ডলার (২.৮৭বিলিয়ন পাউন্ড)। আইএমএফ ও ইইউ বিদ্যামান চুক্তি অনুযায়ী এই অর্থের যোগান দেবে।
চুক্তির আওতায় ইউক্রেনকে তাৎক্ষণিকভাবে গ্যাসের বকেয়া বাবদ ১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে হবে। চলতি বছরের শেষ নাগাদ দেশটি প্রতি হাজার কিউবিক মিটার গ্যাস হ্রাসকৃত মূল্যে ৩৭৮ মার্কিন ডলারে ক্রয় করতে পারবে।
জেডআই





