মিশরের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি’র শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে আমন্ত্রণ জানিয়েছে কায়রো। মিশরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুরের মুখপাত্র এহাব বাদাউয়ি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সভাপতি হিসেবে ইরানের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ পর্যন্ত ইরানের পক্ষ থেকে নিমন্ত্রণ গ্রহণের বিষয়ে কোনো রকমের জবাব দেয়া হয়নি। এহাব বাদাউয়ি জানান, ইরানে নিযুক্ত মিশরের প্রতিনিধি ইরানের প্রেসিডেন্টের প্রধান সহকারী মোহাম্মাদ নাহাভান্দিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মিশরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুরের পক্ষ থেকে এ দাওয়াত পৌঁছে দেন। ইরানের প্রেসিডেন্ট দাওয়াত গ্রহণ করবেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে গত বছরের জুলাই মাসে জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন এবং বিষয়টি ভালো চোখে দেখেনি ইরান। এর মাঝে গত ৩ জুন মিশরের নির্বাচন কমিশন জেনারেল সিসিকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করে। তিনি শতকরা ৯০ ভাগ ভোট পেয়েছন বলে দাবি করে নির্বাচন কমিশন। দেশটির প্রধান রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন নির্বাচন বয়কট করেছিল। যদি প্রেসিডেন্ট রুহানি আমন্ত্রণ গ্রহণ করেন তাহলে তিনি হবেন মিশর সফরকারী ইরানের দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি ২০১১ সালে বিপ্লব সফল হওয়ার পর মিশর সফর করবেন। এর আগে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে কায়রো সফর করেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের পর কায়রো ও তেহরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ক্যাম্প ডেভিড চুক্তি করার পর মিশরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইরান। সূত্র: আইআরআইবি [b]ঢাকা, ০৭ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]