নাইজেরিয়ায় দুটি পৃথক বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোকো হারাম অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে সোমবার। মঙ্গলবার এ খবর জানিয়েছে আল জাজিরা।

একটি বোমা হামলা চালানো হয় উত্তর-পূর্বাঞ্চলীয় বাউছি এলাকার একটি বাজারে। এতে নিহত হন অন্তত ৭ জন, আহত হন অন্তত ১৯ জন। বিস্ফোরণে পুরো বাজারে আগুন ধরে যায়। ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে বের হবার সময় এ হামলা চালানো হয়।

আরেকটি হামলার ঘটনা ঘটে ওই এলাকারই এক বাসস্ট্যান্ডে। এতে নিহত হন অন্তত ২০ জন। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে বোমা পেতে রাখা হয়। বাসটি যাত্রী দিয়ে পূর্ণ হওয়ার পর বোমার বিস্ফোরণ ঘটে।

হামলার দায়ভার এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে, ওই অঞ্চলে সাধারণত বোকো হারাম হামলা চালিয়ে থাকে। চলতি বছর নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সহিসতায় প্রায় ১০ হাজার ৩৪০ জন নিহত হয়েছে।

এমএ