'মার্কিন সরকার ও তার ভেড়ার মতো জনগণের প্রতি বার্তা।' ইরাকের ইসলামিক স্টেট (আইএস)-এর হাতে শিরশ্ছেদের শিকার মার্কিন সাংবাদিক জেমস ফলির পরিবারকে পাঠানো এক ই-মেইলের শুরুটা করা হয়েছে এভাবে। শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই ই-মেইলের বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
গত সপ্তাহে জেমস ফলির শিরশ্ছেদের ভিডিও ইউটিউবে প্রকাশ করে আইএস। এতে সারাবিশ্বে সাড়া পড়ে যায়। ই-মেইলটি ভিডিও প্রকাশের সপ্তাহখানেক আগে পাঠানো হয় বলে জানিয়েছে জেমস ফলির চাকরিদাতা প্রতিষ্ঠান গ্লোবালপোস্ট। চিঠিটি পাঠানো হয়েছে ফলির পরিবারকে উদ্দেশ্য করে।
জেমস ফলির পরিবারের সম্মতির ভিত্তিতেই বৃহস্পতিবার চিঠিটি প্রকাশ করে আমেরিকার বোস্টনভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম গ্লোবালপোস্ট।
ই-মেইলে বলা হয়েছে, ইরাকে আইএস-এর অবস্থানে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবেই ফলির শিরশ্ছেদ করা হয়েছে। এ ব্যাপারে আমেরিকাকে আগে থেকেই সতর্ক করে দিয়েছিল আইএস।
ই-মেইলে বলা হয়েছে, 'তোমাদেরকে (মার্কিনদেরকে) অনেক সুযোগ দেয়া হয়েছে তোমার লোকদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য। মুক্তিপণের বিনিময়ে অন্যান্য সরকারগুলো তাদের লোকদেরকে ছাড়িয়ে নিয়েছে।'
মুক্তিপণ ছাড়াও আমেরিকার হাতে আটক মুসলিম যোদ্ধাদের সঙ্গে বন্দী বিনিময়েরও প্রস্তাব ছিল আইএস-এর।
ই-মেইলটিতে বলা হয়, 'কিন্তু এসবের পরিবর্তে বিমান হামলা চালিয়ে ইরাকের মুসলমানদেরকে হত্যা করছ। তোমাদের এই বিমান হামলা ও প্রক্সি যুদ্ধের প্রতিদান নাও এখন। কাপুরুষের মতো সম্মুখ যুদ্ধে আসার কোন সাহস নেই তোমাদের।'
'আমেরিকা নারী, শিশু ও বৃদ্ধদেরকে নির্বিচারে হত্যা করতেও দ্বিধা বোধ করছে না। তাই আমরাও তোমাদের ছেড়ে দিচ্ছি না।'
ই-মেইলটি শেষ হয়েছে এভাবে-'তোমরা আমাদের সঙ্গে যে সীমালঙ্ঘন করছ, এর সরাসরি ফলাফল তোমরা পাবে।'
উল্লেখ্য, ২০১২ সালের নভেম্বরে সিরিয়া থেকে অপহৃত হন মার্কিন সাংবাদিক জেমস ফলি। দীর্ঘদিন পর ২০১৩ সালের নভেম্বরে তার অপহরণের কথা জানায় আইএস। তার মুক্তিপণ হিসেবে ১৩২ মিলিয়ন মার্কিন ডলার দাবি করে তারা। এরপর গত সপ্তাহে ইরাকে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে জেমস ফলিকে হত্যার হুঁশিয়ারি দেয় আইএস। কিন্তু হুঁশিয়ারি তোয়াক্কা না করে হামলা অব্যাহত রাখে মার্কিন বিমান। এর ফলে তার শিরশ্ছেদ করে আইএস। তাদের হাতে আরেকজন মার্কিন সাংবাদিক আটক রয়েছে। হামলা অব্যাহত রাখলে তাকেও এভাবে হত্যা করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সূত্র: এনডিটিভি
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





