মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সপ্তাহান্তে প্রথমবারের মতো ইউক্রেনের বিরোধী শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশটির গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের প্রতি জোরালো সমর্থনের অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শনিবার কেরির ইউক্রেনের বিরোধী দলীয় প্রধান নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
ভার্জিনিয়ার এ্যানড্রিউজ এয়ার ফোর্স ঘাঁটি থেকে বার্লিনের উদ্দেশ্যে কেরির বিমান ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে কর্মকর্তারা একথা জানান। সেখানে তার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিরের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার জন্য শুক্রবার দিন শেষে মিউনিখের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি বার্লিনে মাত্র কয়েক ঘণ্টা অবস্থান করবেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ২০ জন রাষ্ট্র ও সরকার প্রধান এবং ৫০ জন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী বিশ্বের অস্থিতিশীলতা ও সংঘাত নিয়ে আলোচনা করবেন।
সেখানে কেরির সঙ্গে আলোচনার কথা রয়েছে ইউক্রেনের এমন বিরোধী দলীয় নেতাদের মধ্যে রয়েছেন ইউডিএআর দলের নেতা ও বক্সিংয়ের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভিতালি ক্লিচকো ও বিরোধী রাজনীতিবিদ আর্সেনি ইয়াতসেনউক। সূত্র: এএফপি
[b]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমএ[/b]