ভারতের সশস্ত্র মুসলিম সংগঠন ইনডিয়ান মুজাহিদিনের প্রধান তেহসিন আখতারকে আটক করেছে। ভারতের নিরাপত্তা বাহিনীর হটলিস্টে থাকা তেহসিনকে মঙ্গলবার পশ্চিমবঙ্গের নেপাল সীমান্ত থেকে আটক করে দিল্লির পুলিশ। প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর সমাবেশে হামলার জন্য তাকে সন্দেহ করছে পুলিশ। খবর পিটিআই, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
তেহসিন আখতার মনু নামে বেশি পরিচিত। মাত্র ২৩ বছর বয়সী ইনডিয়ান মুজাহিদিনের এই নেতাকে একজন বোমা বিশেষজ্ঞ বলে মনে করা হয়।  
নয়াদিল্লির সন্ত্রাসবিরোধী সেলের প্রধান কর্মকর্তা এস এন শ্রীভাস্তবা তেহসিনকে আটক করার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তবে, তিনি বিস্তারিত কিছু জানাননি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান শ্রীভাস্তবা।
আগামী মাসে দেশটিতে শুরু হতে যাওয়া জাতীয় নির্বাচন অর্থ্যাৎ লোকসভা নির্বাচনকে সামনে রেখে তার গ্রেফতারকে একটি বড় ধরনের অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
ভারতে নিষিদ্ধ ঘোষিত 'ইনডিয়ান মুজাহিদিন' আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে মূলত ২০০৭ সালের নভেম্বরে। তখন উত্তর প্রদেশে সিরিজ বোমা হামলায় অনেকেই হতাহত হন। এ ছাড়া মুম্বাই, ব্যাঙ্গালোর, নয়া দিল্লি ও পুনেতে হামলার জন্যও এই সংগঠনকে দায়ী করা হয়ে থাকে। এসব হামলায় বেশ কয়েক শত মানুষ নিহত হয়।
সাম্প্রতিক সময়ে গত অক্টোবরে নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভায় হামলার জন্য এই সংগঠনকে দায়ী করা হয়। জনসভায় সিরিজ বোমা হামলায় অন্তত ৬ জন নিহত ও অনেকেই আহত হয়।
গত বছরের আগস্টে ইনডিয়ান মুজাহিদিনের সহপ্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকাল গ্রেফতার হওয়ার পর থেকে তেহসিন আখতারই মূলত এর হাল ধরেন। তখন থেকেই পুলিশের হটলিস্টে উঠে আসে তার নাম।
এর আগে মোদীর সমাবেশে হামলার সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় মুজাহিদিনের সদস্য জিয়াউর রেহমান ও তার তিন সহযোগীকে। তাদেরকে গত সপ্তাহে রাজস্থান থেকে গ্রেফতার করা হয়। এই চারজনকে গ্রেফতারের মাধ্যমে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে সহিংসতার আশঙ্কা কমে গেছে বলে ধারণা করা হচ্ছে।
সংগঠনটির সাথে অপর দুই সশস্ত্র সংগঠন লস্কর-ই-তাইয়্যেবা ও জঈশ-ই-মোহাম্মদের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, পিটিআই ও এনডিটিভি
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]