আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস ধুমধাম করে পালন করার ডাক দিলেও এই অনুষ্ঠানে নিজে যোগব্যায়াম করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর: এবিপি আনন্দ।

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, সকলকে উতসাহিত করতে সেদিন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদী। কিন্তু নিজে যোগব্যায়ামে অংশ নেবেন না।

প্রসঙ্গত, ভারতের প্রস্তাব মেনে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। সে দিন রাজপথ জুড়ে পঁয়ত্রিশ মিনিটের আসরে ১৫টি যোগাসন করে দেখানোর কথা ছিল প্রধানমন্ত্রীর।

সেই অনুষ্ঠানে সামিল হবেন ৩৫ হাজার মানুষ। তাদের মধ্যে থাকবেন বিভিন্ন শ্রেণির মানুষ। যেমন, ছাত্রছাত্রী, সরকারি কর্মী, সেনা জওয়ান, আমলা, মন্ত্রী, নেতা ও সাংসদরা। থাকবেন করিনা কপূর, শিল্পা শেট্টি, সোনম কপূরের মতো তারকারাও।

মোদী নিজে বহু বছর ধরে যোগব্যায়াম অনুশীলন করছেন। টুইটারেও বিভিন্ন আসন-এবং তাদের উপযোগিতা সম্পর্কেও উল্লেখ করেন তিনি।

সুষমা স্বরাজ বলেন, যোগব্যায়ামের একটি বিশেষ ক্ষমতা রয়েছে। ভারত যে এই পদক্ষেপ নিয়েছে এর পিছনেও একটি কারণ রয়েছে। যতদিন যাচ্ছে হিংস্রতা বেড়েই চলেছে সমাজে। যোগব্যায়াম-ই পারে এই নৃশংসতা কাটিয়ে কিছুটা হলেও শান্তি এনে দিতে।

ইআর