পাকিস্তানের বিরোধী দলের নেতা এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খান, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড ক্ষমা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগেই এ চিঠি দেয়া হয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
চিঠিতে পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই প্রধান ইমরান খান দাবি করেছিলেন, এ মৃত্যুদণ্ড বন্ধ করা হলে তাতে কেবলমাত্র সমগ্র অঞ্চলের স্বার্থই নয় বরং বিশ্ব শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থও রক্ষিত হবে।
এ ছাড়া, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৭১ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন বলে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে চিঠিতে দাবি করেন ইমরান খান।
তিনি বলেন, তাই মামলায় বর্ণিত অপরাধ করার কোনো অবকাশই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিল না।
এদিকে, মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের ঘটনায় উদ্বেগ জানিয়ে পাকিস্তান হাই কমিশনের ওয়েবসাইটে রবিবার এক বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়,আমরা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করেছি, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় দুর্ভাগ্যজনকভাবে কার্যকর করা হয়েছে। এ ঘটনায় পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন।
বাংলাদেশে ত্রুটিপূর্ণ বিচারের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিক্রিয়া দেখিয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
এ বিবৃতির থেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পাক হাইকমিশনারকে তলব ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
এমকে





