ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা সিরীয় শরণার্থীদের জন্য তুরস্কের সীমান্ত খুলে দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন । খবর বিবিসির।
অ্যামস্টারডামে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক সভা শেষে ইইউ পররাষ্ট্রনীতির প্রধান ফেডেরিকা মগেরিনি বলেন, তুরস্ক যদি শরণার্থীদের আশ্রয় না দেয়, আন্তর্জাতিক আইনে সেটা হবে ভুল সিদ্ধান্ত।
তিনি বলেন, 'এটা একটা নৈতিক দায়িত্ব। আর এটা আইনি দায়িত্ব না হয়ে থাকলেও প্রয়োজন অনুযায়ী শরণার্থীদের আন্তর্জাতিকভাবে সুরক্ষা দেয়া উচিত। আর সিরিয়া থেকে আসা সিরিয়ানদের যে আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাতো প্রশ্নাতীত বিষয়।'
ফেডেরিকা মগেরিনি আরও বলেন, 'তুরস্ক যেন শরণার্থীদের ঠিকভাবে থাকতে দিতে পারে সে লক্ষ্যেই আমরা তাদের সমর্থন দিচ্ছি।'
গত কয়েকদিন সিরিয়ার আলেপ্পো শহরে যে তীব্র লড়াই শুরু হয়, তারপর থেকেই সেখান থেকে লোকজন পালাতে শুরু করেন। শরণার্থীদের বোঝা সামলাতে তুরস্ক এখনই হিমশিম খাচ্ছে। এর মধ্যে নতুন করে আসা শরণার্থীদের স্রোত তুরস্কের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
গত ৪৮ ঘণ্টায় ৩৫ হাজার সিরিয়ান শরণার্থী সেখানে জড়ো হয়েছে। এরপর ইইউ নেতাদের বৈঠক শেষে তুরস্ককে সীমান্তের ফটক খুলে দেয়ার আহ্বান জানানো হয়।
ওএফ





