ফিলিস্তিনের গাজায় নতুন করে শুরু করা ইসরায়েলী হামলায় বুধবার হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের স্ত্রী-সন্তানসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। খবর রয়টার্সের।

হামলা চালানোর সময় দেইফ ওই বাসায় ছিলেন না। এসময় ইসরায়েলী বিমান হামলায় তার স্ত্রী, সাত মাস বয়সী ছেলে ও ২০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।
এ ঘটনার পর ইসরায়েলের বিজ্ঞানমন্ত্রী ও সাবেক নিরাপত্তা বাহিনীর প্রধান জ্যাকব পেরি জানান, যদি গোয়েন্দারা জানতেন যে, দেইফ ওই সময় বাড়িতে ছিলেন না তাহলে এ হামলা চালানো হত না।

গাজায় গত মঙ্গলবার রাতে অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই হামলা শুরু করে ইসরায়েল। বুধবার এখন পর্যন্ত গাজা উপত্যকায় ৬০টি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলী সেনাবাহিনী। অপরদিকে গাজা থেকে ৮০টি রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল।

এ হামলার মধ্য দিয়ে গাজায় প্রায় ১০ দিনের মতো শান্ত অবস্থা বিরাজ করার পর আবারও সেখানে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হল।

গত ৮ জুলাই থেকে গাজা উপত্যকায় ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামে ইসরায়েলের শুরু করা একতরফা হামলায় এ পর্যন্ত অন্তত ২০২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ হাজার ২৫০ জন।

জাতিসংঘের দেওয়া তথ্য মতে, এ পর্যন্ত অন্তত ৪ লাখ ২৫ হাজার ফিলিস্তিনী গৃহহীন হয়েছে।

অপরদিকে হামলা চলাকালীন ৬৪ ইসরায়েলী সেনা, দেশটির দুই বেসামরিক নাগরিক ও এক থাই কর্মী নিহত হয়েছে। এর মধ্যে পাঁচ সেনা নিজেদের গুলিতেই নিহত হয়।

 

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই