ব্রাজিলের বেলু হরিজোনটি শহরের একটি নির্মাণাধীন ফ্লাইওভার একটি যাত্রীবাহী বাসের ওপর ধসে পড়েছে। এ ঘটনায় একজন চালক নিহত হয়েছে।
ব্রাজিলের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত এই শহরটিতে আগামী সপ্তাহে বিশ্বকাপ ফুটবলের একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরিয়াল টিভি'তে প্রদর্শিত ফুটেজে দেখা যায়, একটি হলুদ বাসের সামনের অংশে ফ্লাইওভারের কিছু অংশ ধসে পড়েছে। এতে বাসের ঐ অংশটি দুমড়ে-মুচড়ে গেছে।
দমকল কর্মী ফেডিরিকো প্যাসকুআলকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি জানায়, বাসের নারী চালক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ব্রাজিলের সংবাদভিত্তিক চ্যানেল গ্লোব নিউজ জানায়, দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছে। দুর্ঘটনার সময় বাসের পেছনের সিটে বসা একজন যাত্রী গ্লোব নিউজকে বলেন, "যখন আমি দেখলাম ফ্লাইওভারটি নিচে পড়ছে, তখন আমি ভয় পেয়ে ভাবলাম খারাপ কিছু ঘটবে, ব্রিজটি আমাদের বাসের ছাদের উপর এসে পড়বে।" সূত্র: বিবিসি।
ঢাকা, ০৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই





