সুইডেন, জার্মানি ও পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কার করেছে রাশিয়া। রাশিয়ার অন্যতম বিরোধী নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে অংশ নেয়ার অভিযোগে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানা হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, মস্কো কূটনীতিকদের পদক্ষেপ অগ্রহণযোগ্য বিবেচনা করেছে। মস্কো আশা করছে, সব দেশের কূটনীতিকরা ভবিষ্যতে কঠোরভাবে আন্তর্জাতিক আইন অনুসরণ করবে। ক্রেমলিন ও পাশ্চাত্যের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়া এই অবস্থান গ্রহণ করল।
মন্ত্রণালয় জানায়, প্রতিবাদে অংশ নেয়া অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদেরকে অদূর ভবিষ্রতে রাশিয়া ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান জোসেফ বোরেল বৈঠক হয়।
প্র গত বছরের আগস্টে রাশিয়ায় বিষ প্রয়োগের শিকার হয়ে নাভালনি জার্মানির বার্লিনে গিয়ে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। ৩ ফেব্রুয়ারি নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন মস্কোর একটি আদালত। ২০১৪ সালের জালিয়াতির একটি মামলায় স্থগিত সাজার শর্ত লঙ্ঘনের দায়ে নাভালনিকে এ কারাদণ্ড দেওয়া হয়। নাভালনির সাজার রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেন তার সমর্থকেরা। তার সমর্থনে রাশিয়াজুড়ে হাজারো মানুষ বিক্ষোভ করেন। মস্কোয় চলা বিক্ষোভে সহিংসতা হয়েছে।
গত ১৭ জানুয়ারি জার্মানির বার্লিন থেকে রাশিয়ার মস্কোয় ফেরেন নাভালনি। তাকে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হয়। পরে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারেই আছেন।
সূত্র : আল জাজিরা ও অন্যান্য
এমআর





