মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসলামিক স্টেটের (আইএস) বিদ্রোহীদের বিরুদ্ধে আরব দেশগুলো ও তুরস্কের সাথে জোট গঠনের বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সৌদি আরব পৌছেনন।

আইএস জঙ্গিরা গত কয়েক মাসে সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে ইসলামি খেলাফত ঘোষণা করেছে। ইরাকে আইএস বিদ্রোহীদের বিরুদ্ধে আমেরিকার বিমান হামলার প্রতিবাদে গত মাসে দেশটিতে দুই মার্কিন সাংবাদিকের শিরচ্ছেদ করা হয়।

ইরাক ও সিরিয়ায় জিহাদিদের নির্মূল করার বিষয়ে আলোচনার জন্য শীর্ষ মার্কিন কুটনীতিক কেরি প্রধান ১০টি আরব দেশ এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। ৪০ টিরও বেশি দেশের সঙ্গে জোট গঠনের লক্ষ্যে তিনি মধ্যপ্রাচ্যে এই সফরে বেরিয়েছেন।

এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, কেরি আইএস’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা সুগম করতে জেদ্দার সহযোগিতা চাইবেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর প্রস্তুতির কথা ঘোষণা করেন। একই সঙ্গে তিনি বলেন, ইরাকে জিহাদিদের বিরুদ্ধে সামরিক অভিযানও জোরদার করা হবে।

তিনি বলেন, ‘আমি সুস্পষ্ট করে বলতে চাই, আমাদের দেশের জন্য হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসী গোষ্ঠী, তা সে যেখানেই থাকুক না কেন তাদের নির্মূল করা হবে। অর্থাৎ সিরিয়া ও ইরাকে আইএসআইএল’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি কোনো দ্বিধা করব না।’

তিনি বলেন, ‘আমার মূলনীতি হল : আমেরিকার জন্য হুমকি হলে তুমি নিরাপদ স্বর্গে থাকতে পারবে না।’
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই