পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সসস্ত্র বিদ্রোহীদের ঘাঁটিতে বিমান হামলায় ৬৫ জন মারা গেছেন। নিহতদের সবাইকে ‘জঙ্গি’ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান সেনাবাহিনী।
বুধবার সকালে ৩টি গোপন স্থানে এই হামলায় ৩০ জন নিহত হয়। ঘন্টাখানেক পর শাওয়াল উপত্যকায় পুনরায় হামলায় ৩৫ জন নিহত হন।
তবে পাকিস্তানের ইংরেজী দৈনিক ডনের অনলাইন সংস্করণে বলা হয়েছে, ওই অঞ্চলে সংবাদসংগ্রহে সীমাবদ্ধতা থাকায় নিহতরা সবাই 'জঙ্গি' সদস্য কিনা তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, ‘বুধবার দাত্তাখেলের উত্তর-পশ্চিমে জঙ্গিদের ৩টি আস্তানায় বিমান হামলা চালানো হয়। পরবর্তীতে অরও দুটি হামলা চালানো হয়।’
উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় এই দাত্তাখেলকে। আইএসপিআর-এর ওই বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের জড় উপড়ে ফেলতে দাত্তাখেলে আরো হামলা চালানো হবে। এর আগেও ওই এলাকায় দুবার ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
চলতি বছর উত্তর ওয়াজিরিস্তানে পাক সেনাবাহিনীর অভিযান শুরুর পর প্রায় ১০ লাখ লোক এলাকাটি থেকে পালিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
ঢাকা, ১০ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, টিআই





