ইউক্রেনের নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বৃহস্পতিবার শুরু হয়েছে। গত অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে পশ্চিমাপন্থী দলগুলো ব্যাপকভাবে জয়ী হয়।
পার্লামেন্ট সদস্যরা অধিবেশনের শুরুতে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘাত ও কিয়েভে বিক্ষোভকালে নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, পার্লামেন্ট ভেরকোভনা রাদা চেম্বারের সদস্যরা ইউক্রেনের জনগণকে সেবা করারও শপথ নেন।
গত অক্টোবরের নির্বাচনে পশ্চিমাপন্থী দলগুলো বড় আকারের জয় পেয়েছে। তবে ইউক্রেনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও রাশিয়াপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রাধীন পূর্বাঞ্চলে ওইদিনে ভোট হয়নি। এক সপ্তাহ পর সেখানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ভোট হয়।
ইউক্রেনের নবনির্বাচিত জোট পশ্চিমাপন্থী নীতিতে অটল থাকার শপথ নিয়েছে এবং সামরিক জোট ন্যাটোতে যোগদানের আকাক্সক্ষা পূরণে একটি আইন পাসের অঙ্গীকার করেছে।
রাশিয়াপন্থী সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর গত ফেব্রুয়ারিতে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হন। এরপর গত এপ্রিলে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কতে রাশিয়াপন্থী বিদ্রোহ শুরু হয়। এর কয়েক সপ্তাহ আগে এক গণভোটের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রুশ ফেডারেশনে যুক্ত হয়।
ইউক্রেন সরকার ও পূর্বাঞ্চলের বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০'র বেশি লোক নিহত হয়েছে।
পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহীদের অস্ত্র ও সৈন্য নিয়ে সাহায্যের অভিযোগ করেছে। তবে ক্রেমলিন এ অভিযোগ প্রত্যাখান করেছে।
এমএ





