ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্যের বিষয়ে কঠোর জবাব দেয়ার জন্য তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্ষেপণাস্ত্র বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনার জন্য কেরির গতকালের আহ্বানকে কেন্দ্র করে আজ(শুক্রবার) এ বক্তব্য দেন জেনারেল জাজায়েরি।
তিনি বলেন, তেহরান অনেকবারই বলেছে, ইরানের রেড লাইনগুলোর অন্যতম হলো ক্ষেপণাস্ত্র ক্ষমতা। এ ছাড়া, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো নিয়ে কারো অনুমতির তোয়াক্কা করে না ইরান।
ইরানের বিষয়ে বিশেষ করে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আমেরিকার নাক গলানোকে দৃঢ় এবং স্বচ্ছভাবে মোকাবেলার জন্যও তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, মার্কিন বিশেষ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ধৃষ্টতার সময়োচিত এবং দৃঢ় জবাব ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেবে জনগণ তাই প্রত্যাশা করেন।
এসটি





