ভারত ও পাকিস্তানের সেনারা রোববার সীমান্তে গুলিবিনিময় করেছে। কর্মকর্তারা এ কথা জানান। চিরবৈরি দুদেশের সীমান্তে চলতি মাসের প্রথম দিক থেকে একের পর এক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত অন্তত ২০ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। তবে সর্বশেষ গুলিবিনিময়ের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য কাশ্মীরের অংশ উভয় দেশ নিয়ন্ত্রণ করছে। কিন্তু দুদেশই কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য লড়াই চালিয়ে আসছে। এমনকি কাশ্মীরকে কেন্দ্র করে দুটি দেশ দুটি সর্বাত্মক যুদ্ধেও জড়িয়ে পড়ে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র বিষয়ক সিনিয়র কর্মকর্তা সারতাজ আজিজ জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে টেলিফোনে আলাপকালে বলেন, যে কোন আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

আজিজ বান কি মুনের প্রতি ১৯৪৭ সালের প্রস্তাব বাস্তবায়নসহ এ অঞ্চলে শান্তি স্থাপনের আহ্বান জানান। ১৯৪৭ সালের প্রস্তাবে কাশ্মীরের ভাগ্য নির্ধারণে গণভোটের আয়োজনের কথা বলা হয়। প্রস্তাবটি দীর্ঘদিন ধরে ভারত প্রত্যাখ্যান করে আসছে।

এসএমএ