পেত্রো পোরোশেঙ্কো শনিবার সোভিয়েত-উত্তর ইউক্রেনের পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।
রাশিয়ার সঙ্গে চলমান সংকটের প্রেক্ষাপটে পোরোশেঙ্কো তার দেশের ঐক্য বজায় রাখার অঙ্গীকার করেন।
৪৮ বছর বয়সী বিলিয়নিয়ার পোরোশেঙ্কো গত ২৫ মে অনুষ্ঠিত নির্বাচনে ৫৪.৭ শতাংশ ভোট পান।কিয়েভ পার্লামেন্টে পোরোশেঙ্কোর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউক্রেনীয় ও রুশ ভাষায় প্রদত্ত ভাষণে তিনি বলেন, ‘আমি ইউক্রেনের ঐক্য সুরক্ষা ও সংহত করতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করছি।’মার্কিন ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেনসহ কিছুসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে বক্তৃতাকালে পোরোশেঙ্কো দনবাস অঞ্চলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং রুশ ভাষার অবাধ ব্যবহার নিশ্চিত করার অঙ্গীকার করেন। এ অঞ্চলটির বেশির ভাগ স্থান বিদ্রোহীদের দখলে রয়েছে।
তবে তিনি এও বলেন যে, তার ইউক্রেনপন্থী অবস্থান এবং ক্রিমিয়া উপদ্বীপের মর্যাদা প্রশ্নে রাশিয়ার সঙ্গে কোনো আপোস করা হবে না।
শুক্রবার ফ্রান্সে ডি-ডে স্মরণ অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ক্রিমিয়া ইউক্রেনের অংশ ছিল এবং থাকবে। আমি নরম্যান্ডিতে রাশিয়ার নেতাকে স্পষ্ট ভাষায় তাই বলেছি। সূত্র: এএফপি,
[b]ঢাকা, ০৭ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]