পাকিস্তানের সাথে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়ার বিষয়ে ভারতের পদক্ষেপকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছে চীন।
মঙ্গলবার চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র দৈনিক গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।
দৈনিক পাকিস্তান ও জিও নিউজ উর্দূ সূত্রে চীনের বিশেষজ্ঞরা বলেন, ভারতে উরি হামলার ঘটনার বিস্তারিত তদন্ত এখনও সামনে আসেনি। তবে উপস্থিত আলামত থেকে বুঝা যায় এ হামলার পেছনে পাকিস্তান সম্পৃক্ত নয়।
আর একে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত বন্ধ করে দেয়ার উদ্যোগ ‘অযৌক্তিক’ একটি বিষয়। তাছাড়া একে ‘শীতল যুদ্ধের মানসিকতা’ বলেও মন্তব্য করেন তারা।
এদিকে গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমানা পুরোপুরি সিল করে দেয়ার কথা জানিয়েছিল ভারত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে মোট সীমানা রয়েছে ২২৮৯.৬৬ কিলোমিটারের।
এর মধ্যে ২০৩৪.৯৬ কিলোমিটার এলাকা কাঁটাতারের বেড়া বা অন্য কিছু দিয়ে ঘেরা রয়েছে। বাকি ২৫৪.৮০ কিলোমিটার সীমান্তই ঘিরে ফেলতে চাইছে ভারত। আর এটা করা হবে আগামী ২০১৮ সালের মধ্যেই।
এসএম





