আলজেরিয়া তার বিশ্বকাপের প্রাইজমানির সব টাকা ফিলিস্তিনের গাজার অধিবাসীদের অনুদান হিসেবে দিয়ে দিবে। প্রাইজমানি হিসেবে দলটি পাচ্ছে ৯ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৭০ কোটি এক লাখ টাকার সমান। শুক্রবার ইরানের প্রেসটিভি অনলাই্নে এ খবর জানানো হয়েছে।

জার্মানির কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। এর আগে প্রথম রাউন্ডে দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারায় দলটি। এ ছাড়া রাশিয়ার সাথে ১-১‌ গোলে ড্র করে দলটি। আর বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে গ্রুপ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে দ্বিতীয় রাউন্ডে উঠে আরব এ দেশটি।

বিশ্বকাপে আলজেরিয়ার এ আবির্ভাব বিশ্বকে তাক লাগিয়ে দেয়। জার্মানির বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট খেলেও কোন পক্ষে গোল না হওয়ায় অতিরিক্ত ৩০ মিনিট দেয়া হয়। অতিরিক্ত এ সময়ে জার্মানি ২ গোল দেয়, আলজেরিয়া একটি গোল শোধ করতে পারে। দুরন্ত জার্মানিকে অনেকটাই কাঁপিয়ে দেয় আলজেরিয়ানরা। রমজানের রোজা রেখেও জার্মানির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে টানা ১২০ মিনিট লড়াই করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেয় আরব শার্দুলরা।

দলের প্রাইজমানি গাজার অধিবাসীদেরকে দেয়ার ব্যাপারে আলজেরিয়ার তারকা স্ট্রাইকার ইসলাম স্লিমানি বলেন, "এই টাকাটা আমাদের চেয়ে তাদের (গাজার অধিবাসীদের) বেশি প্রয়োজন।"

আলজেরিয়ার ফুটবলাররা বীরের বেশে গত বুধবার দেশে ফিরে আসেন।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরাইল। ফলে, নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন গাজার অধিবাসীগণ। বেকারত্ব সেখানে তীব্র আকার ধারণ করেছে। খাদ্য, পানি ও বিদ্যুতের সমস্যাও প্রকট। এর মধ্যে প্রায় নিয়মিতই ফিলিস্তিনের এ অঞ্চলটিতে স্থল ও বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল।

গাজার ১৭ লক্ষ অধিবাসীর মৌলিক মানবাধিকারকে স্বীকার করে না ইসরাইল। তাদের স্বাধীনভাবে চলাফেরা, কর্মসংস্থানের অধিকার থেকে বঞ্চিত করছে ইসরাইল। গাজার অধিবাসীরা স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছেন। যারা চাকরি বা কাজ করেন তারাও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। সূত্র: প্রেসটিভি অনলাইন

ঢাকা, ০৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ