ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ মঙ্গলবার রাতে বাংলাদেশ সফরে এসেছেন। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে বিশ্ব পরাশক্তিদের যে সমাঝোতা হয়েছে, তা বাংলাদেশকে জানাতেই ঢাকা সফর করছেন তিনি। পাশাপাশি সামনের দিনগুলোতে ঢাকার সঙ্গে তেহরানের কী কী বিষয়ে সংযোগ ঘটবে, তারও একটি রূপরেখা এই সফরে ঠিক করা হবে।
ঢাকাস্থ ইরানের দূতাবাস জানিয়েছে, মোহাম্মদ জাভেদ জারিফের ঢাকা সফরটি বেশ ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। বুধবার সকালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন পররাষ্ট্রমন্ত্রী। এর পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দুপুরের ভোজে অংশ নেবেন। এর পর বিকেলে ঢাকার একটি অভিজাত হোটেলে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হবেন মোহাম্মদ জাভেদ জারিফ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা।
ঢাকা আশা করছে ইরানের সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও শক্তিশালী হবে।
প্রসঙ্গত, পরমাণু ইস্যুতে গত ১৪ এপ্রিল ইরানের সঙ্গে বিশ্ব পরাশক্তিদের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানী ও জাতিসংঘ) ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আগে সুইজারল্যান্ডের সুসান শহরে টানা আট দিন আলোচনা শেষে ২ এপ্রিল এই চুক্তি স্বাক্ষরে সমঝোতায় পৌঁছায় উভয়পক্ষ। এরও আগে ৩১ মার্চসহ বেশ কয়েকবার সমাঝোতার আলোচনা ভেস্তে যায়।
এআই





