পাকিস্তানের কোয়েটার একটি বেসামরিক হাসপাতালের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

আজ সোমবার এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। খবর ডন নিউজের।

খবরে বলা হয়, আজ ভোরে অজ্ঞাত বন্দুকধারীরা পাকিস্তানের কোয়েটায় বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল আনওয়ার কাশিকে গুলি করে হত্যা করে।
পুলিশ জানিয়েছে, আনওয়ার কাশির লাশ ওই হাসপাতালে নেওয়া হলে সেখানে বিপুলসংখ্যক আইনজীবী ও সাংবাদিক জড়ো হন। এরপরই সেখানে বোমার বিস্ফোরণ ঘটে।
হতাহতদের বেশিরভাগই সাংবাদিক ও আইনজীবী বলে জানা গেছে।

খবরে আরও বলা হয়, কোয়েটা জুড়ে হাসপাতালগুলোতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। এবং বেশ কিছু আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, প্রাথমিকভাবে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাও মনে হয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি বিষয়টি তদন্ত করছি।

বেলুচিস্তানে এক দশকেরও বেশি সময় পর এই ধরণের সহিংসতা ঘটনা ঘটল।

 

এমএনজে