পরমাণু ইস্যুতে চূড়ান্ত চুক্তির জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আজ (শনিবার) সকালে রাজধানী তেহরান থেকে ভিয়েনার উদ্দেশ্যে রওয়ানা দেন।
আগামী ৩০ জুনের মধ্যে ইরান ও ছয় জাতিগোষ্ঠীকে পরমাণু ইস্যুতে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে ভিয়েনায় পৌঁছে তিনি ছয় জাতিগোষ্ঠীর কর্মকর্তাদের সঙ্গে চূড়ান্ত ও সংবেদনশীল আলোচনা শুরু করবেন।
ভিয়েনা পৌঁছেই জাওয়াদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলাপ করবেন বলে ধারণা করা হচ্ছে। গতকালই কেরি ভিয়েনা পৌঁছেছেন।
ইরানি আলোচক দলের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শনি ও রোববারের আলোচনায় জন কেরি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিন, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমাইয়ার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিয়াস যোগ দেবেন। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যোগ দেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
ভিয়েনা যাওয়ার আগে এক টুইটার বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ স্বচ্ছ ও টেকসই চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন।
জেডআই





