ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী এয়ার এশিয়ার একটি বিমান ১৫৫ যাত্রী ও ক্রুসহ মোট ১৬২ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। রোববার সকালের দিকে কিউজেড ৮৫০১ নামের ওই বিমানটি নিখোঁজ হয়।
খবর বিবিসি, রয়টার্স ও আলজাজিরার খবরে এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে এয়ার এশিয়ার কিউজেড৮৫০১ ফ্লাইটটি ছেড়ে যায়। স্থানীয় সময় সাতটার দিকে বিমানের ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের প্রধান হাদি মোস্তফা নামের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি নির্ধারিত পথে ছিল না। জাভা সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় সংযোগ বিচ্ছিন্ন হয় বলে জানান তিনি।
এয়ার এশিয়ার পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, কিউজেড-৮৫০১ ফ্লাইটটির সঙ্গে স্থানীয় সময় রবিবার সকাল ৭টা ২৪ মিনিটের পর থেকে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
বিমানটি উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এয়ারবাস এ৩২০-২০০ বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরে পৌঁছানোর কথা ছিল।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানটির যাত্রীদের মধ্যে ১৪৯ জন ইন্দোনেশিয়ান, তিনজন কোরিয়ান এবং সিঙ্গাপুর, ব্রিটেন ও মালয়েশিয়ার একজন করে রয়েছে।
এএইচ





