তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নাপিত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় বুর্দুর প্রদেশে আনতালিয়া-ইসপার্তা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গাড়ির চালকও রয়েছেন।
প্রদেশটির গভর্নর হাসান কুর্কলু জানিয়েছেন, আফইয়ুনকারাহিসার প্রদেশের 'চেম্বার অব বার্বার্স এন্ড হেয়ারড্রেসার' সংস্থার পক্ষ থেকে এক পিকনিকের জন্য বাসটি ভাড়া করা হয়।
আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন; তবে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, এক পরিসংখ্যানে দেখা গেছে তুরস্কে প্রতি লাখে গড়ে ১৩ জন সড়ক দুর্ঘটনায় মারা যান। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





