মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইউক্রেনের নেতৃত্বের প্রতি সমর্থন জানাতে এ সপ্তাহে কিয়েভ সফরে যাচ্ছেন। এদিকে ওয়াশিংটন ও তাদের মিত্র দেশগুলো ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করায় মস্কোর কঠোর সমালোচনা করেছে।
আন্তর্জাতিক মহলের হুঁশিয়ারির পুরোভাগে রয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক জন কেরি। হুঁশিয়ারিতে বলা হয়, ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির ক্রিমিয়া দ্বীপে সৈন্য পাঠানোয় জি-৮ গ্রুপের অন্যতম দেশ হিসেবে এ সংগঠনে তাদের থাকার বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এর ফলে রাশিয়া অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে।
রাশিয়ার এই পদক্ষেপকে নগ্ন আগ্রাসন অভিহিত করে কেরি এর নিন্দা করেন। তিনি এ সপ্তাহে তার পূর্ব নির্ধারিত রোম ও প্যারিস সফরকালে কিয়েভে তার যাত্রাবিরতির কথাও জানান।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করতে’ জন কেরি ইউক্রেনের নতুন নেতৃত্বের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করবেন। সূত্র: এএফপি
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]