সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা সমাপ্তি ঘোষণার পর এই প্রথম দেশটির রাজধানী সানায় রবিবার বিমান থেকে বোমাবর্ষণ করেছে।
বর্তমানে ইয়েমেনের প্রধান রণাঙ্গন দক্ষিণাঞ্চলীয় শহর তাইজে সংঘর্ষে রবিবার অন্তত সাতজন নিহত এবং বেশ কিছু লোক আহত হয়েছেন।
রবিবার সানার সামরিক ঘাঁটি এবং প্রেসিডেন্ট প্রাসাদে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এছাড়া অন্য কয়েকটি প্রদেশেও হামলা চালানো হয়েছে।
কার্যত সৌদি আরব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার মাত্রা কমানোর পরিবর্তে সাম্প্রতিক সময়ে আরো জোরদার করেছে।
গত সপ্তাহে নিস্ফল শান্তি আলোচনা হলেও এখন পর্যন্ত বিবদমান পক্ষগুলো হামলা বন্ধের কোনো ইঙ্গিত দিচ্ছে না।
হুথি বিদ্রোহীদের পশ্চাদপসরণ দাবি করছে সৌদি আরব আর হুথিরা চাচ্ছে কোনো শর্ত ছাড়াই বিমান হামলা বন্ধ করা।
ইয়েমেনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় পুনবর্হার করতে চাইছে সৌদি আরব ও তার আরব মিত্ররা। এজন্য গত এক মাস ধরে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব।
জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনে গত এক মাসের সহিংসতায় প্রায় ১০০০ লোক নিহত হয়েছেন যাদের ৫০০ জনই বেসামরিক নাগরিক। এর বেশিরভাগই মারা গেছে দেশটির গুরুত্বপূর্ণ শহর এডেনে। সূত্র: নিউইয়র্ক টাইমস
এআর





