ব্রিটেন রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে। ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার ইয়াকোভেনকো এই খবর দিয়েছেন।
তিনি আজ (সোমবার) বলেছেন, সিরিয়া ও ইউক্রেন সংকটের কারণেই লন্ডন মস্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে। কেবল দু-দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এই পদক্ষেপের আওতামুক্ত থাকবেন বলে তিনি জানান। ব্রিটেন রুশ কূটনীতিকদের ভিসা না দেয়ায় লন্ডনে রুশ দূতাবাসের কর্মীর সংখ্যাও কমিয়ে আনা হয়েছে বলে ইয়াকোভেনকো জানান।
ব্রিটেনের এ পদক্ষেপের ফলে মস্কো-লন্ডন কূটনৈতিক যোগাযোগ ছাড়াও রাজনৈতিক সংলাপও বন্ধ হয়ে গেছে হঠাৎ করে।
মস্কো ও লন্ডনের সম্পর্ক সিরিয়াকে কেন্দ্র করে শীতল হতে শুরু করে এবং ইউক্রেন ইস্যুতে তা জোরদার হতে থাকে।
সিরিয়ায় সন্ত্রাসীদের ওপর অভিযানে নিয়োজিত রুশ জঙ্গি বিমানগুলো ব্রিটেনের পক্ষ থেকে বাধার সম্মুখীন হতে পারে বলে সম্প্রতি কয়েকটি রিপোর্ট প্রকাশিত হওয়ায় রাশিয়া এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়া এ ব্যাপারে ব্রিটেনের কাছে ব্যাখ্যা চেয়েছে।
ব্রিটেন ও ন্যাটোর সদস্যভুক্ত কোনো কোনো পশ্চিমা দেশের জঙ্গি বিমানের পাইলটরা ইরাকে অভিযান চালানোর সময় বিপদ অুনভব করলে রুশ জঙ্গি বিমানের ওপর হামলার অনুমতি পেয়েছে বলে কোনো কোনো সংবাদ সূত্র খবর দিয়েছে।
রাশিয়া সিরিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে বলে মার্কিন ও ব্রিটিশ সরকারসহ কোনো কোনো পশ্চিমা সরকার অত্যন্ত ক্রুদ্ধ হয়েছে। অন্যদিকে মস্কো বলছে, পশ্চিমা সরকারগুলো এক বছর ধরে সিরিয়ার সন্ত্রাসীদের ওপর হামলার নামে অকার্যকর হামলা চালিয়ে কার্যত তাদের কোনো ক্ষতিই করতে পারেনি। সূত্র: রেডিও তেহরান।
ইআর





