ইউক্রেনে সরকারি বাহিনী এবং রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে বন্দী বিনিময় হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে সরকারি বাহিনী এবং রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের অবসানে এ বন্দী বিনিময় করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স।

সংঘাত অবসানে ১২ দফা কর্মপরিকল্পনার অংশ হিসেবেই এই বন্দী বিনিময় করা হয়েছে। সরকারি সেনাবাহিনীর ১৪৬ জন সেনা সদস্য এবং বিদ্রোহীদের ২২২ জন যোদ্ধাকে মুক্তি দেয়া হয়েছে।

উল্লেখ্য, সংঘাত অবসানের লক্ষ্যে ইউক্রেন সরকার, রাশিয়া, বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধি এবং ইউরোপের নিরাপত্তা সহায়তা বিষয়ক সংস্থা (ওএসসিই) যৌথ বৈঠকে এই ১২ দফা সিদ্ধান্ত নেয়া হয়।

দুই পক্ষের হাতে ঠিক কতজন বন্দী রয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি। তবে, ইউক্রেনের সরকারি পক্ষ জানিয়েছে, সেনাবাহিনীর প্রায় ৬০০ জন সদস্য বিদ্রোহীদের হাতে বন্দী রয়েছে।

এমএ