রাশিয়াকে শক্তিশালী জঙ্গি সংগঠন আইএসের চেয়ে বড় হুমকি বলে দাবি করেছেন ব্রিটিশ সেনাপ্রধান।
ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল মার্ক কার্লটন-স্মিথ বলেন, ‘রাশিয়ার হুমকির বিষয়ে ব্রিটেন আত্মতুষ্টিতে ভুগতে পারে না’।
‘রাশিয়ানরা দুর্বলতা ও অক্ষমতা খুঁজে পেলেই সেটার সুযোগ নেয়ার ধান্দায় থাকে,’ বলেন তিনি। খবর বিবিসির।
স্যালিসবারিতে বিষ প্রয়োগে রুশ গুপ্তচর হত্যার চেষ্টা এবং কয়েকটি সাইবার হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ব্রিটেন।
মার্চ মাসে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া নভিচক বিষের হামলা সত্ত্বেও বেঁচে যান। ডন স্টার্জেস নামের আরেক ব্যক্তিও একই বিষে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যান।
অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি ও ব্রিটেনের একটি ছোট টিভি চ্যানেলসহ কয়েকটি সাইবার হামলার জন্য ব্রিটিশ সরকার রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিয়ারইউকে অভিযুক্ত করে।
স্ক্রিপালকে বিষ প্রয়োগ এবং সাইবার হামলার এসব অভিযোগকে ‘উর্বর মস্তিষ্কের কল্পনা বলে’ অস্বীকার করেছে রাশিয়া।
জুন মাসে ব্রিটিশ সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হওয়ার পর দেয়া এবারই প্রথম কোনও গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন কার্লটন স্মিথ।
এসময় তিনি রাশিয়াকে ‘সন্দেহাতীত ভাবে’ আল কায়েদা ও আইএসের মতো জঙ্গিগোষ্ঠীগুলোর চাইতে বড় হুমকি বলে অভিহিত করেন।
‘রাশিয়া নিয়মতান্ত্রিকভাবে পশ্চিমা দেশগুলোর দুর্বলতা খুঁজে বের করে সেগুলোর সুযোগ নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে তারা সাইবার, মহাকাশ, ও সমুদ্রের তলদেশের যুদ্ধের মতো অপ্রথাগত ক্ষেত্রগুলোকে তারা কাজে লাগাতে চাইছে,’ বলেন ব্রিটিশ সেনাপ্রধান।
৫৪ বছর বয়সী এই জেনারেল স্নায়ুযুদ্ধের শেষের বছরগুলোতে স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন।
৯/১১-এর হামলার পর তিনি ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার অভিযানে নেতৃত্ব দেন। ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ব্রিটেনের অভিযানেরও সম্মুখভাগে ছিলেন তিনি।
জেড





