পাকিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন শতাধিক জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর মিডিয়া শাখা জানায়, গত ২৪ ঘণ্টায় পাঞ্জাবসহ দেশজুড়ে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিবৃতিতে জানায়, ‘সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থাগুলো জঙ্গি নেটওয়ার্ক উন্মোচনে সফল হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, সীমান্ত এলাকা থেকে জঙ্গি সমর্থন দেওয়া হচ্ছে বলে সামরিক বাহিনী জানতে পেরেছে। যার কারণে তারা পাকিস্তানে আফগানিস্তান দূতাবাস কর্মীদের তলব করেছে এবং তাদের হাতে ৭৬ জন জঙ্গির তালিকা দিয়ে তাদেরকে পাকিস্তানে হস্তান্তরের দাবি জানায়।

তারা আরও উল্লেখ করে বলেন, সাম্প্রতিক কালের ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান আফগান সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বলেন, ‘সেনাবাহিনী যে কোনো হুমকির বিরুদ্ধে মানুষের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে। জাতিকে নিরাপত্তা বাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে। যে কোনো মূল্যে শত্রুদের উদ্দেশ্য সফল হতে দেব না।’

গতকাল পাকিস্তানের সিন্ধু প্রদেশের জামশেরা জেলার লাল শাহবাজ কালান্দারের দরগায় আত্মঘাতী বোমা হামলায় ৮৮ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে নিজেদের বার্তা সংস্থা আমাকে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

জেড