সমুদ্রে দুই মাসের বেশি সময় নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রের এক নাবিককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার একটি জার্মান ট্যাংকার নর্থ ক্যারোলিনা উপকূল থেকে প্রায় ২০০ মাইল দূরে লুই জর্ডান (৩৭)-কে দেখতে পায়।
লুইয়ের ৩৫ ফুট লম্বা পালতোল নৌকাটি উল্টে গেলে তিনি নৌকাটির কাঠামোর ওপরে অবস্থান করেন। জর্ডান কাঁচা মাছ ও বৃষ্টির পানি খেয়ে এতোদিন জীবন ধারণ করেছেন।

জর্ডানের পরিবার জানুয়ারির শেষের দিকে তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানায়। উদ্ধার হওয়ার পর তার বাবা জর্ডানকে বলেছিলেন, ‘আমি ভেবেছিলাম, আমি তোমাকে হারিয়ে ফেলেছি।’

জর্ডানকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জানুয়ারির ২৩ তারিখ সর্বশেষ জর্ডানকে দেখা গিয়েছিল। তিনি সাউথ ক্যারোলিনার কনওয়ে থেকে মাছ শিকারের অভিযানে গিয়েছিলেন। তার নৌকাটি কিভাবে উল্টে গিয়েছিল তা জানা যায়নি।

জেআই