ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নিধনযজ্ঞ শুক্রবারও অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৯৮ জন ফিলিস্তিনি। এর মধ্যে একই পরিবারের রয়েছেন ৮ জন। এ ছাড়া আহত হয়েছেন শত শত ফিলিস্তিনি। গাজার অন্তত ১১০০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। খবর আলজাজিরার।

গাজার ১১০০ লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিছেই আদ্রায়ি।
নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ৮ জন নিহত হন। নিহতদের মধ্যে ৫জনই শিশু।

বিমান হামলার প্রতিবাদে ইসরাইলি ভূখন্ডে শুক্রবার সকালেও রকেট হামলা চালিয়েছেন গাজার অধিবাসীরা। শুকবার সকালের রকেট হামলায় তিন ইসরাইলি আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার থেকে ৫৫০টি রকেট হামলা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

এদিকে, ইসরাইল ও ফিলিস্তিন উভয় পক্ষের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতিসংঘ মহাসচিবও ইসরাইলকে হামলা থেকে বিরত হওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: আলজাজিরা

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ