উত্তর কোরিয়া বিমান বিধ্বংসী নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং-উন এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করেন। পিয়ংইয়ংয়ের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে এটি সর্বশেষ ঘটনা। আর এই পরীক্ষা এমন এক সময়ে চালানো হলো যখন বিভক্ত এ কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা বিরাজ করছে।
গত মাসে উত্তর কোরিয়ার এ তরুণ নেতা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, বহুমাত্রিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও দূর পাল্লার গোলাবর্ষণসহ তাদের দেশের কয়েকটি সামরিক মহড়া পর্যবেক্ষণ করেন। দক্ষিণ কোরিয়া সীমান্তে সিউল ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়ার জবাবে তারা এ কাজ করে।
উল্লেখ্য, ওয়াশিংটনে বারাক ওবামা দু’দিনব্যাপী পারমাণবিক নিরাপত্তা সম্মেলন আয়োজনের সময় উত্তর কোরিয়া সর্বশেষ এ পরীক্ষা চালালো। সেখানে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে মার্কিন প্রেসিডেন্টের আলোচনায় উত্তর কোরিয়ার এ বিষয়কে বেশ গুরুত্ব দেয়া হয়।
পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কেসিএনএ শনিবার জানায়, কিম নিয়ন্ত্রিত বিমান বিধ্বংসী নতুন ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যাচাই করতে এটির পরীক্ষা পর্যবেক্ষণ করেন।
এক্ষেত্রে তিনি বলেন, এ রকেট শত্রু পক্ষের অবস্থানে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হবে। এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়া পূর্বাঞ্চলীয় সনডোক নগরী থেকে
শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বিমান বিধ্বংসী এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
এমআইএস।





